এএফসি সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ

ভারতকে ঝুলিয়ে সেমিতে বাংলাদেশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

স্পোর্টস রিপোর্টার

ছোটোদের সাফের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে রাখল বাংলাদেশের কিশোর ফুটবল দল। গ্রুপ পর্বের খেলাও শেষ করে ফেলল বাংলাদেশ। দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। সঙ্গে ভারতকে ঝুলিয়ে রেখেছে। ভারত কাল প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। ভারতকে সেমিফাইনালে উঠতে হলে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেও চলবে। কারণ শ্রীলঙ্কা ০-৩ গোলে বাংলাদেশের বিপক্ষে হেরেছে। তাদের আজ শেষ ম্যাচ। সেমিফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে জিততে হবে। ড্র হলে গোল গড়ের ওপর নির্ভর করবে ভারত এবং বাংলাদেশের ভাগ্য। তবে লঙ্কানরা গোল গড়ে পিছিয়ে থাকবে। আর যদি ভারত জিতে যায় তাহলে কথাই নেই। সেমিফাইনালে উঠে যাবে।

লঙ্কানদের বিপক্ষে ভারত ফেভারিট। এই ফেভারিট দলকে কাল গোলই করতে দেয়নি বাংলাদেশ। কৌশল করে খেলাটা গোলশূন্য রেখেছে। বাংলাদেশ ভালো করেই জানে সেমিতে ওঠার সহজ পথ। অঙ্কটা সহজ হলেও প্রতিপক্ষ ভারত ছিল কঠিন। নেপালের কাঠমান্ডুতে ভারতকে থামিয়ে রাখার জাল বিছাতে গিয়ে বাংলার কিশোর ফুটবলাররা রক্ষণভাগে তালাবদ্ধ করে দিয়েছিল। মধ্যমাঠ পার হতে না দেওয়ার কৌশল করেছিল। দলের ইংলিশ কোচ এন্ড্রু টার্নারকে আগেই জানানো হয়েছিল—এই টুর্নামেন্টের আগের আসরে ভারতের বিপক্ষে তিন গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ চার-তিন গোলে জিতেছিল। বাংলাদেশের কোচও সেভাবে সাবধান হয়ে একাদশ সাজায়। ভারতও জানে সেই লজ্জার কথা, কীভাবে তিন গোলে এগিয়ে চার গোল হজম করেছিল। গতকাল ভারত মাঠে নেমেছিল ম্যাচ জিতবে এবং পূর্বসূরিদের প্রতিশোধ নেবে। তিন গোলে এগিয়েও চার গোল হজম করে ম্যাচটা হারের দুঃসহ স্মৃতির কথা রিকি, বিকাশ, সুমিত, নারেন্দ্র, জিতেন্দ্র, আমান ছেত্রীরা মাঠে নামার আগেই শুনে নিয়েছেন। এই ফুটবলাররা বাংলাদেশের খেলোয়াড়দের চেয়েও শক্তিশালী। দেখে মনে হতে পারে বয়সটাও বেশি। তারপরও শক্তিশালী এই দলটার বিপক্ষে বাংলাদেশের গোলকিপার সান্তু কুমার রায়, অধিনায়ক ইয়াসিন আরাফাত, ফাহিম, বাপ্পি, জমির, সাদেকুজ্জামান, দিপক, মিঠু, হূদয়রা জালে ফেলে আটকে দিয়েছে।

ভারতের ফুটবলাররা আগামী দিনের জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে; কিন্তু বাংলাদেশের ফুটবলাররা প্রশিক্ষণের ধারাবাহিকতা রাখতে পারেন না। তাদের নিয়ে পরিকল্পনাও এগিয়ে যায় না। বাফুফে বয়সভিত্তিক ফুটবল প্রশিক্ষণে বিদেশি কোচিং স্টাফ রেখেছে। এটা যদি নিয়মিতভাবে এগিয়ে যায় তাহলে সামনে ভালো কিছু আসতেও পারে।