স্পোর্টস ডেস্ক
করিম বেনজেমার একমাত্র গোলে সেভিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার মাঠে চার বছর পর দলটির জয়ের পর কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, মাদ্রিদ ডাগআউটে তার ফেরার পর এর চেয়ে ভালো আর কখনো খেলেনি দল।
শেষ চার মৌসুমে সেভিয়ার মাঠ র্যামন সানচেজ পিজুয়ান রিয়াল মাদ্রিদের মৃত্যুকূপই হয়ে বসেছিল। এ সময়ে একবার লিগ জিতলেও আন্দালুসিয়ার মাঠটিতে জেতা হচ্ছিল না দলটির। গত রবিবার রাতে করিম বেনজেমার সৌজন্যে সেভিয়া-জুজু থেকে পরিত্রাণ পায় জিদানের শিষ্যরা। ৬৪ মিনিটে বেনজেমার গোলটিই জয় নিশ্চিত করে দেয় রিয়ালের।
কেবল ইতিহাসই নয়, সাম্প্রতিক পারফর্মেন্সও রিয়ালের বিপক্ষেই কথা বলছিল। পিএসজির বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে লা লিগায়ও ভায়াদোলিদ আর ভিয়ারিয়ালের বিপক্ষে দুটি ম্যাচে পয়েন্ট খুইয়েছিল দলটি। এমন পরিস্থিতিতে সেভিয়ার মাঠে জয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কোচ জিদান।
ফরাসি কোচের ভাষ্য, ‘প্রথমত আমি খুশি। কঠিন এক মাঠে আমরা দারুণ ৯০টা মিনিট কাটিয়েছি। এ সময়ে অসাধারণ খেলেছি আমরা। আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাতেই হবে আমাদের।’
জয়ে প্রত্যক্ষ অবদান বেনজেমার হলেও দলের বাকিরা নিজেদের সামর্থ্যের চেয়েও বেশি দিয়েছেন ম্যাচে। ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজদের কাজ আক্রমণ হলেও রক্ষণাত্মকভাবেও দলকে সাহায্য করেছেন তারা। হ্যাজার্ড তো এদিন অন্য সব খেলোয়াড়ের চেয়ে বেশি প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিচ্ছিলেন! জিদান তাই এই জয়কে সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবেই দেখছেন, ‘এটা দলগত প্রচেষ্টার জয়, আমি সবার নৈপুণ্যেই খুশি। মাঠে সবাই দলকে সাহায্য করেছে।’
তিনি আরো যোগ করেন, ‘আমরা জানি যে আমরা সুযোগ তৈরি করতে পারব। সবার রক্ষণাত্মক কাজগুলোই দলকে জেতাতে সাহায্য করে। সেই তিনজন (বেল, হ্যাজার্ড, হামেস) রক্ষণে অনেক সাহায্য করেছে। আজকের মতো কঠিন ম্যাচে সবারই এটা করতে হয়।’
জিদানের মতে, গোল মোটে একটি করলেও ম্যাচের পুরোটা জুড়েই আধিপত্য ছিল তার দলের। আর তাই দলের পারফর্মেন্সে তৃপ্তির ঢেঁকুর তুলছেন তিনি। রিয়াল কোচের ভাষায়, ‘দলের কোচ হিসেবে ফেরার পর থেকে এই ম্যাচটাই আমাকে সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে। ম্যাচে কিছু কঠিন মুহূর্ত ছিল কিন্তু সে সময়গুলোতে দলের একটা লক্ষণীয় ঐক্য ছিল। এমন জায়গায় জিততে হলে ৯০ মিনিট ধরেই ভালো খেলতে হবে আপনাকে।’
