সুনামগঞ্জে হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮

তিন জনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ভ্যানচালক তেরাব আলী হত্যা মামলায় এক জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুর নূরকে মৃত্যুদণ্ড এবং শাহনূর মিয়া, ইদ্রিস আলী ও হাবিবুর রহমানকে যাবজ্জীবন, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে দুই জনকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুরের শিমুলতলা গ্রামের ভ্যানচালক তেরাব আলীর সঙ্গে প্রতিবেশী আব্দুর নূরের বাড়ির সীমানা নিয়ে পূর্ব-বিরোধ ছিল। এর জের ধরে ২০১৬ সালের ২১ এপ্রিল রাতে আব্দুর নূর লোকজন নিয়ে তেরাব আলীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিত্সার জন্য সিলেট নিয়ে যাওয়ার পথে মারা যান। ঘটনার পরদিন নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন বাদী হয়ে তাহিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।