বরিশাল অফিস
র্যাব-৮-এর অভিযানে ঢাকা থেকে দুই জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। রবিবার ঢাকার ধানমন্ডি ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে র্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। আটককৃতরা হলো— ফরিদপুরের নগরকান্দা এলাকার মৃত ফিরোজ শরীফের ছেলে আব্দুল্লাহ শরীফ (৩২) এবং বরিশালের হিজলা উপজেলার মালেক হাওলাদারের ছেলে জাকির হোসাইন (৩১)।
শিক্ষার্থীদের টাকা-মোবাইল
ছিনতাই, আটক ৩
নগরীর ইছাকাঠি এলাকার একটি মেসে বসবাসরত পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের ভয় দেখিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন—সালমান মৃধা, পার্থ দেবনাথ অনিক ও মারুফ খান। ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যে তাদের আটক ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোকতার হোসেন।
গতকাল সোমবার দুপুরে নগরীর নথুল্লাবাদের লুত্ফর রহমান সড়কে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার বলেন, এই ঘটনার সঙ্গে আরো দুই জন সম্পৃক্ত থাকার খবর রয়েছে, যাদের গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি এই ঘটনায় ইনফ্রা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের মেকানিক্যাল পঞ্চম সেমিস্টারের ছাত্র মো. রেদওয়ান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
