বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভেটেরিনারি অনুষদের ১৫ শিক্ষার্থীর ছয় ও ১২ মাসের বৃত্তি কর্তন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকের কাছ থেকে মুচলেকা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় শাস্তির এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের স্নাতক লেভেল-৩, সেমিস্টার-১ শ্রেণির ফাইনাল পরীক্ষা পেছানকে কেন্দ্র করে গত ১৬ মে কিছু সংখ্যক শিক্ষার্থী অনুষদের ডিন অফিসে তালা দেন এবং বিশৃঙ্খলা তৈরি করেন। ঐ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে ভেটেরিনারি অনুষদ। এরপর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট ১৫ শিক্ষার্থীকে ঐ শাস্তি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, ভেটেরিনারি অনুষদের তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটি শাস্তির এ সিদ্ধান্ত নিয়েছে।
