শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শ্রীবরদী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাজে আসছে না ডিজিটাল শিক্ষা উপকরণ। শিক্ষা অধিদপ্তর উপজেলার প্রায় ১৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর, মডেম, সিমকার্ডসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করলেও তা শিক্ষার্থীদের কাজে আসছে না। অধিকাংশ বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও সরঞ্জাম থাকার পরেও মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়া হচ্ছে না।
শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জুব্বার বলেন, জাতীয় নির্বাচনের সময় এটা আমার বাড়িতে রাখা হয়েছে। পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রোকন আরা বেগম রাব্বী বলেন, ২০১৬ সালের ৭ নভেম্বর প্রজেক্টর এবং ২০১৭ সালের ১৯ ডিসেম্বর ল্যাপটপ পেয়েছি। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকায় মাল্টিমিডিয়ায় পাঠদান করা সম্ভব হয়নি। তবে সমপ্রতি একজন শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন। এখন থেকে সপ্তাহে দুই একদিন মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়া হচ্ছে। এছাড়াও অধিকাংশ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে একই চিত্র দেখা গেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, ঐসব প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে মতবিনিময় এবং উদ্বুদ্ধকরণ সভা করে ল্যাপটপ ও প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা করতে বলা হয়েছে। সকল শিক্ষক এ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
