লালমোহন (ভোলা) সংবাদদাতা
আগামী ১৪ অক্টোবর ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই পৌরসভার সাধারণ ১২টি ওয়ার্ডের বিপরীতে ৪৮ জন এবং সংরক্ষিত চারটি ওয়ার্ডের বিপরীতে ১৩ জন নারী কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমদাদুল ইসলাম তুহিনকে নৌকা এবং বিএনপি মনোনীত প্রার্থী সোহেল আজীজ শাহীনকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়।
নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও ভোলা জেলা নির্বাচন অফিসার মো. আলা উদ্দিন আল মামুন বলেন, এই পৌরসভায় নির্বাচনের জন্য গত ৩ সেপ্টেম্বর তপশিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তপশিল অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর মেয়র পদে ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৭ জন এবং চারটি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই হয় এবং ২২ সেপ্টেম্বর ১৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
