সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

টুঙ্গিপাড়ায় কলেজছাত্রী গণধর্ষণ

মামলার দুই আসামি গ্রেফতার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা টুঙ্গিপাড়া উপজেলায় গণধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। তাদের মধ্যে অভিযুক্ত ধর্ষণকারী ইয়াছিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অপর আসামি কাদেরকে গ্রেফতারের পর পুলিশের পক্ষ  থেকে পাঁচ দিনের রিমান্ড দাবি করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা এ কে এম ইনামুল কবির বলেন, গ্রেফতারকৃত ইয়াসিন সব স্বীকার করেছে এবং পলাতক সুমন শেখকে গ্রেফতার করার জন্য টুঙ্গিপাড়া, কোটালীপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সিএমইএস প্রজেক্টের সাফল্য বিষয়ে মতবিনিময় সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্সের (সিএমইএস) আয়োজনে সোমবার দুপুরে প্রজেক্টের কার্যক্রম, সাফল্য, চ্যালেঞ্জ অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিয়াপাড়া সিএমইএস কার্যালয়ে সিডব্লিউসির সভাপতি আব্দুস ছালান মিয়ার সভাপতিত্বে ও সিএমইএসের টেকনিক্যাল ট্রেইনার (কমপিউটার) হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, সহকারী শিক্ষক আতিকুর রহমান প্রমুখ।

৫ শতাধিক চক্ষু রোগীকে ফ্রি চিকিত্সাসেবা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা অযান ফাউন্ডেশন ইউকে জগন্নাথপুর পৌর শহরের ৫ শতাধিক চক্ষু রোগীকে সোমবার ফ্রি চিকিত্সা সেবা দিয়েছে। শহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে জগন্নাথপুর হারুনূর রশীদ হিরণ মিয়া স্মৃতি সংসদের সৌজন্যে ও আধুনিক চক্ষু হাসপাতাল সিলেটের সার্বিক সহযোগিতায় চারজন চক্ষু বিশেজ্ঞসহ ৯ জনের একটি টিম দিনব্যাপী চক্ষু রোগীদের চিকিত্সা সেবা, বিনামূল্যে ওষুধ ও চশমা দিয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। এ সময় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজু, ইকবাল হোসেন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহজাদপুরে অর্থ ও হাইজিন কিট বিতরণ

চৌহালী ও শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা উন্নয়ন সংস্থা মানবমুক্তির উদ্যোগে ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় সোমবার দুপুরে শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮শ পরিবারকে পর্যায়ক্রমে নগদ অর্থ ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। উপজেলার যমুনার তীরবর্তী পূর্ব এলাকার সোনতনী, কৈজুরী ও জালালপুর ইউয়িনের ক্ষতিগ্রস্ত ঐ পরিবারকে এসব বিতরণ করা হয়। কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান। এ সময় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন সংস্থা মানব মুক্তির নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার উপস্থিত ছিলেন।

তালের বীজ বপন কর্মসূচি উদ্বোধন

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা প্রধানমন্ত্রীর নির্দেশনায় বজ্রপাত প্রতিরোধে সোমবার আটোয়ারীতে তালের বীজ বপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ফকিরগঞ্জ-বারঘাটি পাকা সড়কের সুখাতি এলাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম এর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য রাখেন।

আইনজীবীদের সঙ্গে বিচারপতির মতবিনিময়

মাগুরা প্রতিনিধি মাগুরা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সোমবার আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. এমদাদুল হক মতবিনিময় করেছেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসকেন্দার আজম বাবলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মো. কামরুল ইসলাম এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম ।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়া সরকারি কলেজ মাঠে সোমবার মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ফজলে এলাহী। গঙ্গাচড়া মডেল থানার আয়োজনে ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের বাস্তবায়নে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল হকের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব সাংবাদিক আলী আরিফ সরকার রিজুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওসি মসিউর রহমান।

শিক্ষাপ্রতিষ্ঠানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের পাঁচ উপজেলার মাধ্যমিক স্তরের ৩৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে। সেকেন্ডারি অ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) পক্ষ থেকে এসব যন্ত্রপাতি দেওয়া হয়। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে সদর উপজেলার মাধ্যমিক স্তরের ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন। এ সময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদক নির্মূলে মাঠে নেমেছে পুলিশ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা মাদক নির্মূলে চিফ হুইপের নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে শিবচর থানা পুলিশ। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির মৌখিক নির্দেশনা বাস্তবায়নে গত ১ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিবচর থানা পুলিশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে সাতটি ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ-বিরোধী জনসভা করেন। পাশাপাশি প্রায় ২০টি স্কুল-কলেজ ও মাদ্রাসায় গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে জঙ্গি, পর্নগ্রাফি, সাইবার অপরাধ, নিরাপদ সড়ক, ইভটিজিং, শিশু ও নারী নির্যাতন, মাদক দমনসহ বিভিন্ন অপরাধে করণীয়, ক্ষতিকর দিক ও আইনগত বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেন। মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ পদ্মা সেতু সংলগ্ন শিবচরকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুসারে সন্ত্রাস ও জঙ্গিবাদ-বিরোধী অভিযান শুরু করেছি।    

জয়পুরহাটে অ্যাডভোকেসি ডায়ালগ

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে সোমবার জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষের দায়িত্ব ও ভূমিকাবিষয়ক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আওতায় সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন পরিষদ ভবনে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষের দায়িত্ব ও ভূমিকা বিষয়ক ঐ অ্যাডভোকেসি ডায়ালগের আয়োজন করা হয়। এখানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেন্ডারবিষয়ক টেকনিক্যাল ম্যানেজার মশিউর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন পুরানাপৈল ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম। ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মলবিকা সরকার চৈতী ও নাহিদুজ্জামান।

স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন

বামনা (বরগুনা) সংবাদদাতা দারিদ্র্যপীড়িত এলাকার স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বামনা উপজেলার দক্ষিণ সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রম সোমবার পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির ও বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ প্রমুখ।

উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

তেরখাদা (খুলনা) সংবাদদাতা তেরখাদা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. শারাফাত হোসেন মুক্তি ও নাজমা খান।

 

 

 

০