বালাকোটে ফের জঙ্গি সক্রিয়তা ভারতীয় সেনাপ্রধানের সতর্কতা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

 ‘৫০০ জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে’

নতুন করে সক্রিয় হয়ে উঠেছে বালাকোটের জঙ্গি ঘাঁটিগুলো, এমন সতর্কতা জানালেন ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত। তার দাবি, কমপক্ষে ৫০০ জঙ্গি ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। রাওয়াত জানিয়েছেন, গত ফেব্রুয়ারি মাসে বোমাবর্ষণ করে ঐ জঙ্গি ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ভারতীয় বিমান বাহিনী। কিন্তু সম্প্রতি ফের সেখানে জঙ্গি তত্পরতা বেড়েছে বলে রাওয়াতের দাবি।

বালাকোটে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর তত্পরতা নিয়ে রবিবারই গোয়েন্দাদের একটি রিপোর্ট সামনে এসেছিল, যা নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারিও দেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তারপরই সোমবার সকালে চেন্নাইয়ে অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে সাংবাদিক সম্মেলন করেন রাওয়াত। তিনি বলেন, ‘পাকিস্তানের মদতেই সম্প্রতি বালাকোটে ফের জঙ্গি সক্রিয়তা দেখা দিয়েছে। এতেই প্রমাণিত হয় যে, ভারতীয় বিমান বাহিনী বালাকোটে যে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিয়েছিল, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় কেনোরকমে প্রাণে বেঁচে ছিল যারা, তাদেরই ফিরিয়ে আনা হয়েছে।’ রাওয়াত বলেন, নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন এলাকায় প্রায় ৫০০ জঙ্গি রয়েছে। গত তিন বছরের তুলনা এই সংখ্যাটা দ্বিগুণ। ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা। ভারতীয় সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো দূরত্বে, যে কোনো জায়গায় জবাব দিতে প্রস্তুত রয়েছে তার সেনাবাহিনী। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

এ বছর ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। তাতে ৪০ জওয়ান প্রাণ হারান। সেই হামলার জবাবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং বালাকোটে অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। ভারত সরকার দাবি করেছিল, সেখানে অবস্থিত একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে তারা। তাতে জইশ-ই-মহম্মদের একাধিক নেতা, কমান্ডার, জিহাদি এবং নব্য জঙ্গিসহ কয়েকশ ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে কেন্দ্রীয় সরকার বা বায়ুসেনার তরফে নির্দিষ্ট করে কিছু না বলা হলেও, বালাকোট অভিযানে ২৫০-৩০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

সন্ত্রাসবাদ নিয়ে রবিবারই পাকিস্তানের সমালোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় মুখোমুখি হতে চলেছেন মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেও সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে তুলোধনা করতে বদ্ধপরিকর ভারত। তা নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। আর সেই পরিস্থিতিতেই বালাকোটে নতুন করে জঙ্গি সক্রিয়তার কথা জানালেন ভারতীয় সেনাপ্রধান রাওয়াত।