ইত্তেফাক রিপোর্ট
পেঁয়াজের ঊর্ধ্বমূল্য নিয়ে ভোক্তাদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। গতকাল সোমবার সচিবালয়ে পেঁয়াজের আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, পেঁয়াজের ঊর্ধ্বমূল্য রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মিয়ানমার থেকে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ আমদানি করা হচ্ছে। পাশাপাশি মিশর ও তুরষ্ক থেকে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়েছে। কয়েকদিনের মধ্যে এগুলো বাংলাদেশে এসে পৌঁছাবে। এছাড়া ভারত থেকেও নতুন পেঁয়াজ শিগিগরই বাজারে আসছে। আশা করছি, খুব শিগিগর পেঁয়াজের দাম কমে আসবে। সদ্য বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই সচিব সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে পেঁয়াজের ব্যবসায়ীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। সভায় ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের এই ঊর্ধ্বমূল্য খুবই সাময়িক। পেঁয়াজের বাজার দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. ইদ্রিস, শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক হাজী মো. মাজেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
