শিমুল বিশ্বাসের পাসপোর্ট প্রদানে হাইকোর্টের আদেশ স্থগিত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট প্রদানে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত ২৯ আগস্ট হাইকোর্ট শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট প্রদান করতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় দেয়। এ রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রায় স্থগিতের আগেই তিনি পাসপোর্ট পান।

শিমুল বিশ্বাসের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা জানান, হাইকোর্টের নির্দেশে অধিদপ্তর ইতিমধ্যে শিমুল বিশ্বাসকে নতুন পাসপোর্ট প্রদান করেছে।