আজকের প্রজন্ম লেখাপড়া শিখে বড়ো হলেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ------- আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫২

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ‘আজকের প্রজন্ম লেখাপড়া করে যখন বড়ো হবে, প্রতিষ্ঠা পাবে এবং সচেতন হবে, তখনই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ঘটালেই চলবে না, সেখানে শিক্ষাদানের উপযোগী পরিবেশ থাকতে হবে। ভালো শিক্ষক না থাকলে কাঙ্ক্ষিত বিদ্যা অর্জন সম্ভবপর হবে না।’

তিনি গতকাল সোমবার বিকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার চরখালী গ্রামে এক স্বতঃস্ফূর্ত সমাবেশে গ্রামবাসীর উদ্দেশে আরো বলেন, এ এলাকার মানুষ দীর্ঘকাল ধরে ঐক্যবদ্ধ আছেন বলেই এখানকার অধিবাসীরা সুখে-শান্তিতে আছেন। অন্য এলাকার চেয়ে উন্নয়ন চাহিদা পূরণে বেশি বেশি করে বরাদ্দ পাচ্ছেন। রাস্তা-ঘাট, বিদ্যুত্, স্বাস্থ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ছোঁয়া পেয়েছেন। আজ থেকে ৩৪ বছর আগে আমি যখন প্রথম ভাণ্ডারিয়ায় আসি তখন উপজেলা শহরেই রাস্তা-ঘাট, বিদ্যুত্, স্কুল-কলেজ ইত্যাদি ক্ষেত্রে অবকাঠামোগত প্রকট অভাব ছিল। আমাদের ঐক্যবদ্ধ ও অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে গ্রামে গ্রামে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট তৈরি হয়েছে, ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঁচতলা, ছয়তলা পর্যন্ত ভবন নির্মাণ শুরু হয়েছে। গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ পাওয়া যায় না বলে মাঝে মাঝে অভিযোগ থাকলেও তা স্থায়ী নয়। অতীতে যে কোনো সরকারের আমলের তুলনায় এখন বাংলাদেশ পর্যাপ্ত বিদ্যুত্ উত্পাদিত হয়। বিদ্যুতের ঘাটতি নেই, হয়তো বিতরণ ব্যবস্থার সাময়িক ত্রুটির কারণে কখনো কখনো কিছুক্ষণের জন্য বিদ্যুত্ থাকে না। এ ক্ষেত্রে আল্লাহতালা ধৈর্য ধারণ করতে বলেছেন এবং এর সমাধানও দ্রুত হবে।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বর্তমানে ভাণ্ডারিয়ায় এক হাজার কোটি টাকার কাজ চলমান। চীনা কোম্পানির নদী রক্ষা বাঁধ নির্মাণ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এ বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়ন করতে আমাদের আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে। এখন এখানে প্রকল্পের কাজ ৮০ থেকে ৯০ শতাংশ বাস্তবায়ন করা হয়। যা অতীতের চেয়ে অনেক বেশি সন্তোষজনক। এই ধারা আমাদের বজায় রাখতে হবে। এক সঙ্গে থাকলে সেখানে আল্লাহর রহমত থাকে, শান্তিশৃঙ্খলা অব্যাহত থাকে, মানুষের জীবনমান বৃদ্ধি পায়। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, যে যার দল করুন না কেন, রাষ্ট্রীয় উন্নয়ন কাজের ব্যাপারে অবশ্যই এক থাকা বাঞ্ছনীয়। পাশাপাশি দলবাজি বা রাজনৈতিক মনোভাব যেন কোনো ক্রমে উন্নয়ন কাজে বাধা সৃষ্টি না করে, তাও খেয়াল রাখতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে কাজের সমন্বয় থাকলে বিশেষত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে স্থানীয় সম্পদ সৃষ্টি করে এলাকার উন্নয়ন কাজ করার মনোভাব তৈরি করা উচিত। কেন্দ্রীয় সরকারের অর্থেই এখন প্রায় সব কাজ সম্পাদিত— এই প্রবণতা কাম্য নয়।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহ্বায়ক ও নদমূলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বাবুল, জেপি নেতা ইউসুফ আলী আকন, জেপি নেতা মেজবাহ উদ্দিন, জোমাদ্দার আরিফ প্রমুখ।           

আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল সোমবার ভাণ্ডারিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি সকালে উপজেলা সদরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করেন। এরপর ভাণ্ডারিয়া উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ, ভাণ্ডারিয়া সরকারি কলেজের ছয়তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভাণ্ডারিয়ায় নবনির্মিত ‘উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র কাম অফিস ভবনের’ উদ্বোধন করেন। দুপুরে আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া-গাজীপুর-বানাই-ভগিরথপুর (মঠবাড়িয়া) সড়কের ৪৪৬০ চেইনেজে খালের ওপর ৭৯ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন, গৌরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবু হানাফিয়া মাদ্রাসার সামনের খালের ওপর ত্রাণ অধিদপ্তরের ব্রিজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া আরএইচডি পূর্ব ভাণ্ডারিয়া বাঁশেরপুল হতে মালিয়ার হাট জিসি সড়কে বাঁশেরপুলে ঘোষের খালের ওপর আরসিসি গার্ডার ব্রিজের শুভ উদ্বোধন করেন। আনোয়ার হোসেন মঞ্জু এমপি বিকালে এই উপজেলার নদমূলা ৭ নম্বর ওয়ার্ডের চরখালী আবদুল হক জোমাদ্দার বাড়ির সামনে খালের ওপর নবনির্মিত ত্রাণের ব্রিজের উদ্বোধন, ২০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খালের ওপর ত্রাণের ব্রিজের নির্মাণকাজ এবং ইকড়ি ইউপি টু ভগিরথপুর বাজার সড়কে ১৩৬০ চেইনেজ এ খালের ওপর ৩৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন করেন।

আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল সোমবার সন্ধ্যায় পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির ব্যবস্থাপনায় নবনির্মিত ‘ভাণ্ডারিয়া-২, ১০এমভিএ ৩৩/১১ কেভি বিদ্যুত্ উপকেন্দ্রের শুভ উদ্বোধন করেন। ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া, ইকড়ি, নদমূলা, শিয়ালকাঠি ও তেলিখালী ইউনিয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের লক্ষ্যে এই বিদ্যুত্ উপকেন্দ্রটি পল্লী বিদু্যুতায়ন বোর্ডের উদ্যোগে নির্মাণ করা হয়। ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার বিভিন্ন স্থাপনার উদ্বোধন, নির্মাণকাজ ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়ার ইউএনও নাজমুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু, ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারিক প্রমুখ।