জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় রবিবার বিকাল ৪টা ২৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সুশোভিত মোটর শোভাযাত্রাসহকারে প্রধানমন্ত্রীকে নিউ ইয়র্ক সিটির লোটে গ্র্যান্ড প্যালেস হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ স্থায়ী মিশন ও কনস্যুলেটের কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রায় এক সপ্তাহ প্রধানমন্ত্রী লোটে গ্র্যান্ড প্যালেস হোটেলে অবস্থান করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিসহ অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরাও সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন শেখ হাসিনা। একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে বৈঠক রয়েছে তার। ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন তিনি।
শেখ হাসিনাকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরে জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা। নিরাপত্তার স্বার্থে এয়ারপোর্টের ৪ নম্বর টার্মিনালের বাইরে পার্কিং লটে তাদের জন্য বেস্টনি গড়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কারোরই সাক্ষাতের সুযোগ হয়নি। ব্যস্ত সূচি শেষে ২৯ সেপ্টেম্বর শেখ হাসিনা ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।
