ফতুল্লায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএমের বাড়ি ‘জেএমবির আস্তানা’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩২

ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জয়নাল আবেদিনের বাড়ি ঘেরাও করে  নারীসহ ৩ জঙ্গিকে আটক করেছে  কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। গতকাল সোমবার ভোররাত থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ঐ বাড়িটি ঘিরে রেখেছে। আটককৃতরা হলেন—জয়নাল আবেদীনের দুই পুত্র ফরিদ উদ্দিন রুমি (২৭), জালালউদ্দিন রফিক (২৩) ও রুমির স্ত্রী জান্নাতুল ফুয়ারা অনু (২০)।

জয়নাল আবেদীনের দুই পুত্র ফরিদ উদ্দিন রুমি ও জালালউদ্দিন রফিক জেএমবির সদস্য বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে অভিযান নিয়ে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অভিযানের সময় ঐ বাড়িতে পৃথক চারটি বোমা বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। এতে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। দুপুর ১২টা ৫৮মিনিটে ঐ বাড়ি থেকে প্রথম শব্দটি পাওয়া যায়। দুপুর ১টা ১০ মিনিটে আরো একবার গগনবিদারি শব্দে এলাকা কেঁপে ওঠে। এর ১৪ মিনিট পর তৃতীয় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সর্বশেষ ২টা ১১ মিনিটে চতুর্থ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণগুলোর ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো তথ্য দেওয়া হয়নি।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, এ বাড়িটিতে বিস্ফোরণ ও বোমা তৈরির সরঞ্জাম রয়েছে যা বিগত সময়ে ঢাকায় যেসব বিস্ফোরণে উদ্ধার করা হয়েছে তার সঙ্গে মিল রয়েছে। তিনি বলেন, এই বাড়ির পাশের একটি বাসা থেকে রুমিকে আটক করা হয়েছে। আর তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। ঢাকার বড়ো বড়ো হামলার সঙ্গে রুমির যোগসূত্র রয়েছে। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামের আলামত পাওয়া গেছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বলেন, আমাদের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা কাজ করছেন। প্রাথমিকভাবে আমরা যেটুকু তথ্য পেয়েছি, ঐ বাড়ির ভেতরটা ল্যাবরেটরির মতো সাজানো। ভেতরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) রয়েছে।

মনিরুল ইসলাম জানিয়েছেন, আটক রুমি মূলত নব্য জেএমবির সদস্য। ঐ বাড়ির মালিক জয়নাল আবেদীন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন ডিজিএম। অভিযানে রুমি হলেন ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক, তার স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু অগ্রণী ব্যাংকের কর্মী এবং রুমির ভাই রফিক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক।

জানা গেছে, সকাল ১১টা হতে কাউন্টার টেরোরিজম ইউনিট বিস্ফোরকের খোঁজে তল্লাশি শুরু করে। একটি যন্ত্র ও রিমোট কন্ট্রোল চালিত রোবট দিয়ে তল্লাশি করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে জয়নাল আবেদীনের ঐ টিনশেড বাড়ি ঘিরে ফেলে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। তাদেরকে জেলা পুলিশের সদস্যরাও সহযোগিতা করে।