খাগড়াছড়ি জেলা শহরের দীঘিনালা সড়কের তিন মাইল এলাকার জঙ্গল থেকে প্রীতি রাণী ত্রিপুরা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালের দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের তিন মাইল এলাকায় সড়কের পাশে ঝোপে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
খাগড়াছড়ি সদরের চম্পাঘাট এলাকার বাসিন্দা হরি শঙ্কর ত্রিপুরা লাশটি তার স্ত্রী প্রীতি রাণী ত্রিপুরার বলে শনাক্ত করেছে। তবে কে বা কারা এবং কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। হরি শঙ্কর ত্রিপুরা জানিয়েছেন, সে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল ।
নিহতের স্বজনরা জানান, গত ১৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল নিহত প্রীতি রাণী ত্রিপুরা। স্বামী-সন্তান থাকার পরও প্রীতি রানী ত্রিপুরা পরকীয়ায় আসক্ত ছিল এবং মুঠোফোনে কথা বলতো। পারিবারিকভাবে ধারণা করা হচ্ছে, মুঠোফোনে সম্পর্কের জের ধরেই সে বাড়ি ছেড়েছিল। পুলিশ জানিয়েছে, স্ত্রী নিখোঁজের ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়রি করেছিল স্বামী হরি শঙ্কর ত্রিপুরা।
আরও পড়ুন: নাগরিক সেবায় উত্তম চর্চা নিয়ে ইউজিসিতে সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন ও খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
ইত্তেফাক/জেডএইচডি
