নাসিক ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহী মসজিদ এলাকার ত্রিবেনী খাল ঘেঁষে যাওয়া রাস্তাটি ভেঙে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। ভেঙেচুরে সরু হয়ে যাওয়া এই রাস্তা দিয়ে লোকজন অনেক কষ্টে চলাচল করছে। অনেক সময় পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন কেউ কেউ।
জানা যায়, দক্ষিণ শাহী মসজিদ খালপাড় এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন এই রাস্তাটি ২০০২ সালের পরবর্তী কোনো এক সময়ে সংস্কার করা হয়েছিল। তারপর দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও রাস্তাটি আর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘ সময় ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় সেটি ক্রমশ খালে ধসে যাচ্ছে। বিভিন্ন স্থানে খানাখন্দকের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এই এলাকায় প্রায় ৩০০ পরিবার বসবাস করে। প্রায় ৮০০ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রশস্ত এই ভাঙাচোরা সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষ কর্মস্থলে যাতায়াত করে থাকে। এই এলাকায় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়সহ ঐতিহ্যবাহী শাহী মসজিদ অবস্থিত। এই ভঙ্গুর সরুপথটি দিয়েই শিক্ষার্থীদের কষ্ট করে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। মুসল্লিদের যেতে হয় নামাজ পড়তে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। তখন চলাচল করা আরো কষ্টকর। কেউ কেউ আবার রাস্তার পাশ দখল করে স্থাপনা তৈরি করছে। রাস্তায় ল্যাম্পপোস্ট না থাকায় সন্ধ্যা হলেই অন্ধকার হয়ে যায় পুরো এলাকাটি। তখন সেখানে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে। অভিযোগ রয়েছে, রাস্তার পাশের কোনো কোনো স্থানে বসে মাদকের হাট। এতে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নাসিক ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার জানান, নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী এই ওয়ার্ডের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য অর্থ বরাদ্দ দেবেন। অনতিবিলম্বে নাসিক ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ দক্ষিণ খালপাড় এলাকার রাস্তা সংস্কারে পদক্ষেপ নিতে মেয়র আইভির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
