ধামরাই (ঢাকা) : উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ২০০ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন ১৯৬টি মণ্ডপের বিষয় ইতিমধ্যে নিশ্চিত করেছেন। শারদীয় উত্সবকে ঘিরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা বেড়ে গেছে। জোরেশোরে চলছে প্রতিমা তৈরির কাজ। চলবে মহালয়া পর্যন্ত। অনেকের প্রতিমা তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রায় সত্তর বছর বয়সি ডা. অজিত কুমার বসাক সিকদারের বাড়ির প্রতিমা তৈরির কাজ শেষ। তিনি জানান, তাদের পরিবারে দুর্গাপূজার ইতিহাস ২০০ বছরের। তার বাড়ির অপূর্ব সুন্দর দুর্গা প্রতিমাটি তৈরি করেছেন প্রতিমাশিল্পী শিমুলিয়ার গয়ানাথ পাল। —মিজানুর রহমান
