যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর চুল কেটে দেওয়ায় বিপাকে শিক্ষিকা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২১:০২

 

যুক্তরাষ্ট্রের একজন শিক্ষিকা জোর করে ছাত্রের চুল কেটে দেওয়ায় তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অভিযোগ আনা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ক্লাস চলাকালে জাতীয় সংগীত গাওয়ার সময় ওই শিক্ষিকা জোর করে তার চুল কেটে দিচ্ছেন। খবর বিবিসি বাংলার

পঞ্চাশোর্ধ্ব ওই শিক্ষিকার নাম মার্গারেট জিসযিঞ্জার। এই অভিযোগে তিনি ক্যালিফোর্নিয়ার ভিসালিয়ার ইউনিভার্সিটি প্রিপারেটরি হাই স্কুলে তার চাকরিটিও হারিয়েছেন। কৌঁসুলিরা বলছেন, তিনি দোষী নন বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে শিশুর প্রতি নিষ্ঠুরতা, প্রহারসহ ছয়টি অভিযোগ আনা হয়, যার জন্য তার সাড়ে তিন বছর পর্যন্ত জেল হতে পারে।

জিসযিঞ্জার এক লাখ ডলার মুচলেকা দিয়ে শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন। মোবাইল ফোনে ধারণ করা ভিডিও রেডিট-এ পোস্ট করা হলে তাতে দেখা যায়, স্কুলটির বিজ্ঞানের শিক্ষিকা এক ছাত্রকে শ্রেণিকক্ষের একেবারে সামনে এসে বসতে বলেন। এরপর ওই ছাত্রের কয়েক মুঠো চুল কেটে দেন তিনি। ছাত্রটির পক্ষের আইনজীবী সিএনএনকে বলেন, নিষ্কৃতি পাওয়ার আগ পর্যন্ত তার মক্কেল “সম্পূর্ণ আতঙ্কগ্রস্ত” হয়ে পড়েছিল।