জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) এবং ‘এইচ’ ইউনিটের (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ভর্তি পরীক্ষা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার মধ্যেও চলছে আন্দোলনকারীদের কর্মসূচি। পরীক্ষা চলাকালে প্রতিদিনই উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন করছেন তারা। আন্দোলনকারীরা উপাচার্যকে পরীক্ষাকেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করলেও লুকিয়ে লুকিয়ে কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এনিয়ে আন্দোলনকারী এবং উপাচার্যের মধ্যে ‘ইঁদুর-বিড়াল’ খেলা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গতকাল ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন দুপুর ২টার পর পদার্থবিজ্ঞান বিভাগের পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এর আগে রবিবার বিকালে শেষ শিফটের পরীক্ষা চলাকালে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য।
জানা যায়, বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকদের মধ্যে তার অনুসারীদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভর্তি পরীক্ষার প্রথম দিন উপাচার্য সেখানকার পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষার শেষ শিফটে কাউকে না জানিয়ে কেন্দ্র পরিদর্শনে যান তিনি। যাতে আন্দোলনকারীরা তার পরিদর্শনে যাওয়ার বিষয়টি জানতে না পারে এবং কোনো ধরনের বাধার সম্মুখীন না হন। গতকাল মধ্যাহ্নভোজের বিরতির পরপর পদার্থবিজ্ঞান অনুষদের কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য। এ বিভাগের অধিকাংশ শিক্ষকই তার অনুসারী। এজন্য আন্দোলনকারীদের সঙ্গে লুকোচুরি করে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি মো. আশিকুর রহমান ইত্তেফাককে বলেন, ‘উপাচার্য আমাদের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলছেন। এভাবে লুকিয়ে কেন্দ্র পরিদর্শন করে উপাচার্য হাস্যকর কাজ করছেন। আন্দোলনকারী শিক্ষক ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, উপাচার্যকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাকে প্রতিরোধের ঘোষণা কখনই দেইনি; কিন্তু উপাচার্য তার নৈতিক শক্তি হারিয়েছেন, এজন্য লুকিয়ে লুকিয়ে কেন্দ্র পরিদর্শন করে নিজের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন। আমরা এখন শুধু এই উপাচার্যের পদত্যাগই চাই না, বরং একজন দুর্নীতিবাজের শাস্তিও দাবি করছি।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে কালো পতাকা প্রদর্শন করে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগের ২১ জন শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।
