ভোটার তালিকায় রোহিঙ্গা

এনআইডি বিভাগের টেকনিক্যাল এক্সপার্ট শাহানুর গ্রেফতার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:১২

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্ট শাহানুর মিয়াকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার বিকালে নির্বাচন ভবন থেকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি ইত্তেফাককে বলেন, রোহিঙ্গাদের ভোটার করার বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ থাকায় তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আবদুল বাতেন বলেন, ডিবি পুলিশের সদস্যরা তাকে (সোমবার) বিকালে নির্বাচন ভবন থেকে আটক করে। রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে, রোহিঙ্গা ভোটার করার অপরাধে নির্বাচন কমিশনের বেশ কয়েক জন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে তাদেরকে নজরদারির আওতায় রাখা হয়েছে। শাহানুরের গ্রেফতারের আগে সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের ভোটার তালিকায় সম্পৃক্ততা থাকার বিষয়ে ১৫ জনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছিলেন জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, আমরা পর্যায়ক্রমে তাদের নাম প্রকাশ করব।