বাগেরহাট জেলার ফকিরহাটে কুন্ডু পাড়া এলাকা থেকে উত্তম কুমার বসু (৪২) নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার রাত ৮টায় সদর ইউনিয়নের আট্টাকি কুন্ডু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার আট্টাকি কুন্ডু পাড়া গ্রামের অনিল বসুর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকিরহাট কাঠাল তলা এলাকায় সার-কীটনাশক ও ভূমি ব্যবসায়ী উত্তম বসু মোটরসাইকেলে দোকান থেকে রাত ৮টার দিকে সদর ইউনিয়নের আট্টাকি কুন্ডুপাড়ার বাড়িতে ফিরছিলেন। তার বাড়ির ওই রাস্তায় হঠাৎ একটি গুলির শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় তারা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠের পাশে একটি গুলির চিহ্ন দেখা যায়।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মো. খাইরুল আলম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক, তাকে দ্রুত আটক করা হবে।'
কেন এ হত্যাকাণ্ড ঘটেছে এ বিষয়ে নিহতের পরিবারের লোকজন কোনো মন্তব্য করেনি। তবে স্থানীয়রা জানান, কোনো পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ন্যক্কার এ হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাক তাকে পুলিশে ধরিয়ে দিতে সর্বস্তরের জনগণের সহায়তার আহ্বান জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
ইত্তেফাক/জেডএইচডি
