বেনাপোলে পণ্য পরিবহনে হয়রানি বন্ধের নির্দেশ নৌ প্রতিমন্ত্রীর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৯

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বেনাপোল স্থলবন্দরে পণ্য পরিবহনে যাত্রীদের হয়রানী কমানোর নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশের মোট স্থল বাণিজ্যের সিংহভাগই এ বন্দরের মাধ্যমে হয়। বর্তমানে বন্দরটি দিয়ে ২০ হাজার কোটি টাকার বেশি বাণিজ্য হচ্ছে। সরকার বন্দর থেকে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করছে। কিন্তু সম্ভাবনাময় এ বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ একেবারেই নগণ্য। এখানে আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

বেনাপোল স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনয়নের নিমিত্তে গঠিত উপদেষ্টা কমিটির ১০ম সভা ও বেনাপোল স্থলবন্দরের অটোমেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

স্থলবন্দরের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিয়ে তিনি বলেন, পণ্য পরিবহনে অতিরিক্ত চাপ সামলাতে বুথ দ্বিগুণ করার নির্দেশ দেন। বর্তমানে পণ্য পরিবহনে ৮টি বুথ রয়েছে। শ্রমিকদের জন্য সুপেয় পানির ব্যবস্থাসহ তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেন।
স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীসহ খুলনা বিভাগীয় কমিশনার, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি, যশোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী যশোরে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক  প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে  বেনাপোল স্থলবন্দরের ১০ম উপদেষ্টা কমিটির সভায় সভাপতিত্ব  করেন। এদিন যশোরে বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক  যাত্রী টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে  সুইচ টিপে বেনাপোল স্থলবন্দরের অটোমেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি বন্দরের উন্নয়ন  ও অপারেশনাল কার্যক্রমও পরিদর্শন করেন।

এদিকে মোংলা বন্দরের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান জানান, বুধবার একদিনের সফরে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোংলায় যাচ্ছেন। ওই দিন সকালে তিনি মোংলা বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনসহ মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও ওই দিন বেলা সাড়ে ৩ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে উপদেষ্টা কমিটির সাধারণ সভায় যোগদান করবেন তিনি।

ইত্তেফাক/এমআর