কুষ্টিয়ায় হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০

কুষ্টিয়ায় আব্দুল্লাহ হত্যা মামলার রায়ে একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির নাম উজ্জল শেখ। সে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অন্তর্গত হাতিয়া গ্রামের খবির উদ্দিন শেখের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় এসে আসামি উজ্জল ইসলাম আব্দুল্লাহকে ধারালো দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। আসামি উজ্জল ইসলাম আব্দুল্লাহর বোনকে প্রায়ই উত্ত্যক্ত করতো। এ ঘটনার জের ধরে আব্দুল্লাহকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা আলম শেখ বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৮ সালের ৩০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে চার্জ গঠনের পর সাক্ষ্য-প্রমান ও যুক্তি-তর্ক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। পরে আসামিকে  কুষ্টিয়া জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন (পিপি) এ্যাভভোকেট অনুপ কুমার নন্দী এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট তানজিলুর রহমান। 

ইত্তেফাক/নূহু