প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
জনশক্তি খাতে বিশেষ অভিজ্ঞ হিসেবে পরিচিত সেলিম রেজা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে খুলনায় কর্মজীবন শুরু করেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র অ্যাসাইনমেন্ট কর্মকর্তা হিসেবেও কাজ করেন।
আরও পড়ুন : এবার জব্দ হচ্ছে সম্রাট ও শাওনের ব্যাংক হিসাব
তিনি কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন। দেশে ফিরে আসার পর তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগ দেন এবং ২০০৯ সালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক পদে যোগদান করেন। এরপর তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি পান এবং অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে কাজ করেন।
ইত্তেফাক/কেআই
