শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ৮ অক্টোবর রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘দুর্গা ও বন জোসনার গল্প’। অনুরূপ আইচের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ। লেখক স্বাগতম নতুন লেখার খোঁজে শহর থেকে খানিক দূরে নির্জন বনাঞ্চল সুন্দরপুর ডাক বাংলোয় এসে ওঠে। বয়োবৃদ্ধ কেয়ারটেকার হরিপদ স্বাগতম বাবুর দেখাশোনা ও যত্ন-আত্তির জন্য মেয়ে দুর্গাকে দায়িত্ব দেন। দুর্গা নিয়ম করে স্বাগতম বাবুর রান্না-বান্না করে দেয়, মাঝে মধ্যে চা করে দেয়। স্বাগতম লিখতে বসে মনের ভেতর নতুন লেখা হাতড়ে বেড়ায়। কিন্তু ভাবতে গিয়ে ভালো কিছু খুঁজে পায় না। দুর্গাকে স্বাগতম জিজ্ঞেস করে, এ বনে কি কি পাওয়া যায়। দুর্গা বলে চলে, সবুজের গন্ধ পাওয়া যায়, অদৃশ্য আনন্দ পাওয়া যায়, পাওয়া যায় জীবনের ছন্দ। আরো বলে, বাবু তোমাকে পদ্ম পুকুরে বনজোসনা দেখাতে নিয়ে যাবো!
