কিমের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প-মুন আলোচনা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে পরবর্তী বৈঠকের ব্যাপারে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিউ ইয়র্কে এই দুই নেতার মধ্যে সাক্ষাত্ হয়।

দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ট্রাম্প ও কিমের মধ্যে আবারও আলোচনা হতে পারে। এর আগেও কোরীয় দ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে ট্রাম্প ও কিমের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি এই দুই শীর্ষ নেতা। পিয়ংইয়ংয়ের তরফ থেকে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে তারা বৈঠক শুরুর ব্যাপারে রাজি আছেন। তবে কবে, কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। খবর সিএনবিসি ও ভয়েস অব আমেরিকার

মুনের সঙ্গে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, ঐ দুই বৈঠকে কিম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কথা তিনি রেখেছেন। সে সময় কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়নি। তিনি আরো বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্কও ভালো ছিল। আমরা কিছু করতে পারি কি না, তার চেষ্টা করেছিলাম। যদি আমরা কিছু করতে পারি, তাহলে সেটা হবে খুব ভালো কিছু।’ অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে খুব দ্রুত একটি কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।