ইরানের জলসীমা ছেড়েছে আটক ব্রিটিশ ট্যাংকার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১

এএফপি

ইরানের বন্দর আব্বাসে দুই মাসেরও বেশি সময় আটক থাকা ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকারটি ছেড়ে দেওয়া হয়েছে। বিশেষায়িত একটি শিপিং ওয়েবসাইটের খবরে গতকাল মঙ্গলবার এ কথা বলা হয়।

সরকারি মুখপাত্র আলী রাবিই গত সোমবার বলেছিলেন, আইনি প্রক্রিয়া সব শেষ। সুইডিশ মালিকানাধীন জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৯ জুলাই হরমুজ প্রণালি থেকে ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড সুইডিশ মালিকানাধীন স্টিনা ইম্পারো জাহাজটিকে আটক করে বন্দর আব্বাসে নিয়ে যায়। সে সময় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছিল, জাহাজটির সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ হয়েছিল। এরপর জাহাজটিকে থামতে বলা হলেও তা থামেনি। ইরানের ব্রিটিশ এই জাহাজ আটককে পালটা প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। কারণ এর আগে সিরিয়ায় তেল সরবরাহ করছে সন্দেহে জিব্রাল্টার থেকে বৃটেন ইরানের একটি জাহাজ আটক করেছিল। শেষ পর্যন্ত জিব্রাল্টার আদালত ইরানের তেলবাহী জাহাজটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। তবে ইরান পালটা প্রতিশোধের এই অভিযোগ অস্বীকার করে।