মহানন্দা নদীর ওপর পর্যটনকেন্দ্র নির্মাণের বৈধতা নিয়ে রিট

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর পর্যটনকেন্দ্র নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে ঐ নির্মাণ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। রিট দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

গত ১০ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন জানায়, চাঁপাইনবাবগঞ্জের সাহেবের ঘাটে নির্মিত সেতু এলাকায় ৪৪ একর জমির ওপর গড়ে উঠতে যাচ্ছে পর্যটনকেন্দ্র। এ পর্যটনকেন্দ্র নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। ৫ লাখ টাকা প্রতীকী মূল্যের বিনিময়ে বরাদ্দ দেওয়ার জন?্য ভূমি মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন করপোরেশন এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। দরপত্র আহ্বান ও তা গ্রহণের পরই অবকাঠামোগত কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পর্যটনকেন্দ্রে পাঁচতারা হোটেল, টেনিস মাঠ, জাদুঘর, সুইমিংপুলসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে। পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে এ পর্যটনকেন্দ্র নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে সেখানকার অধিবাসী তুফানী বেগম এ রিট করেন।