ঢাবিতে ছাত্রদল ও সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ও  ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। উভয় সংগঠনের আলাদা বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। অপরদিকে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সাদা দলের বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে নিজেদের একক আধিপত্য বজায় রাখার অশুভ মানসিকতা নিয়ে প্রতিনিয়তই ভিন্নমতের রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর হামলা ক্যাম্পাসে ছাত্রলীগের সে কর্মকাণ্ডরই বহিঃপ্রকাশ। বিবৃতিতে হামলায় জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সদস্য অধ্যাপক মো. লুত্ফর রহমানসহ শতাধিক শিক্ষক বিবৃতিতে স্বাক্ষর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি : এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির ও সাধারণ সম্পাদক মাহদি আল মুহতাসিম স্বাক্ষরিত বিবৃতিতে হামলার দৃষ্টান্তমূলক বিচারের আহ্বান জানান।

সাংবাদিকতা বিভাগ : এ ঘটনায় হামলাকারীদের ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কারসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।