ডা. সঞ্চিতা বর্মন
থাইরয়েড হরমোন তৈরি করা থাইরয়েড গ্রন্থির কাজ। রক্তে এই হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা থাকে। এই নির্দিষ্ট মাত্রা থেকে কম-বেশি হলে শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে ওষুধ সেবন করতে হয়। পাশাপাশি থাইরয়েড গ্রন্থির উত্পাদন নিয়ন্ত্রণ করতে দৈনন্দিন পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে। থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে রাখার জন্য প্রোটিন জরুরি উপাদান। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পনির, চিজ, ডিম, মুরগির মাংস, মাছ, দুধ ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। আয়োডিন থাইরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে। তাই সঙ্গে আয়োডিনযুক্ত খাবার খেতে হবে।
গাজর, সামুদ্রিক মাছ, শাক-সবজি, মৌসুমি ফল ও আয়োডিনযুক্ত লবণে প্রচুর আয়োডিন রয়েছে। থাইরয়েড গ্রন্থি ভালোভাবে কাজ করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম। থাইরয়েডের সমস্যা থাকলে সঠিক ডায়েট ও ওষুধের পাশাপাশি নিয়মিত শরীরচর্চার প্রয়োজন। এই সময় শরীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও পরিবর্তন ঘটে। মেজাজ খিটখিটে হওয়া, অবসাদ, বিষণ্নতা ইত্যাদি দেখা যায়। সেই ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঠিক সাহায্য ও সহমর্মিতা রোগীকে সুস্থ হতে সাহায্য করে।
—লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ
