উত্তরা ও কাওরান বাজারে অভিযান
ইত্তেফাক রিপোর্ট
উত্তরা ও কাওরান বাজারে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল মঙ্গলবার কাওরান বাজারে এ অভিযান চলে। উত্তরায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যজিস্ট্রেট সাজিদ আনোয়ার ও জুলকার নায়ন। কাওরান বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। উত্তরার রবীন্দ্র সরণি থেকে উচ্ছেদ শুরু হয়ে ৭ নম্বর সেক্টরের ৫ নম্বর রোড, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স ও আমির কমপ্লেক্সের আশেপাশের ফুটপাত ও সড়ক থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় প্রায় ২৫০টি অস্থায়ী দোকান, শেড, বাড়ির বর্ধিতাংশ, সিঁড়ি উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
এছাড়া উত্তরায় অভিযানের সময় চারটি মামলায় মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে, অবৈধভাবে ফুটপাত দখল করায় ‘আরএমসি’ হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, ‘স্কয়ার বেঙ্গল’ ডেভেলপার্সকে ১ লাখ টাকা, ১টি খাবারের দোকানকে ৫০ হাজার টাকা এবং একটি ভবনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাওরান বাজারে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করার অপরাধে প্রায় ৮০টি অস্থায়ী দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযান সম্পর্কে মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদে অব্যাহত থাকবে। পথচারীদের জন্য ফুটপাতে হাঁটার ব্যবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব। নিজে উদ্যোগে সবাইকে ফুটপাত থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য আহ্বান জানান তিনি।
