বিজেএমসির পাট ক্রয় মনিটরিং করবে মন্ত্রণালয়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

পাট ক্রয়ে অনিয়ম ও দুর্নীতি দূর করতে এখন থেকে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশন (বিজেএমসি)-এর মিলগুলোতে পাট ক্রয় মনিটরিং করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এজন্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ১৫টি টিম গঠন করা হয়েছে। চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ও ন্যায্যমূল্যে পাট ক্রয় নিশ্চিত করতে এ টিম কাজ করবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানিয়েছে, পাট ক্রয়কালীন মৌসুমে গঠিত কমিটি প্রতি মাসে বিভিন্ন জেলায় বিজেএমসির পাট ক্রয় কেন্দ্র সরেজমিন পরিদর্শন করবে। এ সময় পাট ক্রয় সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ ও মনিটরিং করা হবে। পরে তা প্রতিবেদন হিসেবে মন্ত্রণালয়ে দাখিল করা হবে।

উল্লেখ্য, বিজেএমসি প্রতিবছর নিজস্ব পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে পাট ক্রয় করে। প্রতি বছরই পাট ক্রয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। পাট ক্রয়ে স্বচ্ছতা আনতেই এ কমিটি গঠন করা হয়েছে। এ বছর ৫৭টি পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে পাট কিনবে বিজেএমসি। গত মৌসুমে এ সংখ্যা ছিল ৯৮টি।