আটক দুই জনের কারাদণ্ড
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রত্যন্ত গ্রামের একটি মাটির বসতঘর। ঘরটিতে পরিবার নিয়ে বসবাস করতেন লব দাস। বাইরে থেকে দেখে বুঝার উপায় নেই যে, ওটা একটা জুয়া খেলার ঘর। সেখানে ঘরোয়া পরিবেশে নিয়মিত বসত জুয়ার আসর। আশপাশের জুয়াড়িরা সেখানে ভিড় করেন নিত্যদিন। নানা বয়সের মানুষ জুয়ার আসরে গিয়ে নিঃস্ব হচ্ছিলেন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামে লব দাসের ঐ বসতঘরে দীর্ঘদিন ধরে চলছিল জুয়ার আসরটি। গত সোমবার সন্ধ্যায় জমজমাট এই জুয়ার আসরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাড়ি মালিকসহ অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে দুই জন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের সাজা দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহূত তাস এবং নগদ ৫০০ টাকাসহ দুই জনকে আটক করা হয়। এরা হচ্ছে— তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের চুনু মিয়ার ছেলে মো. নূর উদ্দিন (৬৫) ও দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী গ্রামের দিরেন্দ্র দাসের ছেলে দিপু দাস (৩৫)। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রকাশ্যে জুয়া আইনের ১৮৬৭ অনুসারে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক মঙ্গলবার বিকালে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
