স্টাফ রিপোর্টার, দিনাজপুর
আগামী ৪ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজাকে ঘিরে চলছে প্রতিমা তৈরির ধুম। দিনাজপুরে এবার মণ্ডপ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৬টি। আর এসব মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃতশিল্পীরা।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক উত্তম কুমার জানান, এ বছর দিনাজপুর জেলায় ১ হাজার ২৩৬টি মণ্ডপে আয়োজন করা হচ্ছে শারদীয় দুর্গোত্সবের।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোত্সব সম্পন্ন করতে প্রশাসন সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যেই দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের নেতাদের নিয়ে সভা করেছে দিনাজপুর জেলা প্রশাসন।
