ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোমবার গভীর রাতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম শিরিনা বেগম। এ ঘটনায় তার স্বামী দুলাল মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানিয়েছে, আট বছর আগে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বলিবাড়ি এলাকার আব্দুল জব্বার মিয়ার মেয়ে শিরিনা বেগমের বিয়ে হয় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের হাফিসটুলা এলাকার দুলাল মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য দুলাল মিয়া তাকে মারধর করত। ঘটনার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আনাস ইবনে মালেক জানান, রাত ১টার দিকে ঐ মহিলাকে নিয়ে তার স্বামী হাসপাতালে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। তার গলায় দাগ রয়েছে। পরে সরাইল থানা পুলিশে খবর দিলে তারা নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।
সরাইল থানার ওসি সাহদাত হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
