ম্যাচ টাই হলে সুপার ওভার হবে। সুপার ওভার টাই হলে? আইসিসির নিয়ম অনুযায়ী সুপার ওভার টাই হলে পুরো ম্যাচে বেশি বাউন্ডারি মারা দল জয় পাবে। আর এই আইনেই এবারের বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। প্রথমে ফাইনাল টাই হয়েছিল। এরপর সুপার ওভারও টাই হলে বেশি বাউন্ডারি মারার সুবাদে ট্রফি পায় ইংলিশরা। কিন্তু এই আইনটাকে অন্যায্য মনে করেছেন অনেকেই। পুরো ম্যাচ সমান সমান লড়ার পর বাউন্ডারির সুবাদে জয়-পরাজয় নির্ধারণের অনেক সমালোচনাও হয়েছে। এই সমালোচনাকে গ্রাহ্য করে নিজেদের আইন সংশোধন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা ঠিক করেছে, বিগ ব্যাশ বা নারী বিগ ব্যাশের ফাইনালে সুপার ওভার টাই হলে আবার সুপার ওভার হবে। এভাবে চলতেই থাকবে, যতক্ষণ ফল না আসে।
