স্পোর্টস ডেস্ক
লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ পেপ গার্দিওলা ও মরিসিও পচেত্তিনোদের মতো বাঘা বাঘা কোচের পেছনে ফেলে ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। এমন অর্জনের পর পুরস্কার গ্রহণের মঞ্চেই দিলেন দারুণ এক ঘোষণা। জানালেন, দাতব্য সংস্থা কমন গোলের সদস্যপদ গ্রহণ করবেন তিনি।
গেল ২০১৯-২০ মৌসুমে অদম্য লিভারপুল প্রিমিয়ার লিগে হেরেছিল মোটে একটি ম্যাচ। তার পরও শিরোপার দৌড়ে ম্যানচেস্টার সিটি থেকে ১ পয়েন্ট পেছনে থেকে লিগ শেষ করতে হয়েছিল তাদের। তবে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হাসি হেসেছিল ক্লপের দলই। এর আগে সেমিফাইনালের প্রথম পর্বে বার্সেলোনার বিপক্ষে ৩-০তে পিছিয়ে পড়েও ফিরতি পর্বে ৪-০ গোলে জিতে অনন্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল ইংল্যান্ডের একসময়ের বিখ্যাত দলটি।
এমন এক দলের নেপথ্য নায়ক য়ুর্গেন সেরা কোচের পুরস্কারটা না পেলে কিছুটা অন্যায়ই হতো তার প্রতি। সেটা হয়নি বলেই ক্লদিও র্যানিয়েরি, জিনেদিন জিদান, দিদিয়ের দেশমদের উত্তরসূরি হিসেবে ফিফা বর্ষসেরা কোচের খেতাব জেতেন জার্মান এই কোচ।
ক্লপ পুরস্কার গ্রহণের মুহূর্তটাকে দারুণ এক ঘোষণার উপলক্ষ্য বানান। তিনি জানান, হুয়ান মাতার দাতব্য প্রতিষ্ঠান ‘কমন গোল’-এ যোগ দিতে যাচ্ছেন তিনি, ‘এই মঞ্চটাকে একটা কথা জানানোর জন্য ব্যবহার করতে চাই। আমরা সবাই জীবনের ভালো অংশটায় অবস্থান করছি। কিন্তু এমনও মানুষ আছে, যারা একই রকম অবস্থায় নেই। আমি গর্বিত ও আনন্দিত চিত্তে জানাচ্ছি যে আমি আজ থেকে কমন গোল পরিবারের একজন সদস্য। আপনারা হয়তো এর সম্পর্কে জানেন। যদি না জানেন, তবে গুগল করে দেখে নিতে পারেন।’
সেরা কোচ হওয়ার কৃতিত্ব অবশ্য দলের বাকিদের মধ্যে ভাগ করে দিতেও ভোলেননি ক্লপ। তিনি বলেন, ‘এটা একটা ব্যক্তিগত পুরস্কার। আমি এসব পুরস্কারের শতভাগ বুঝি না। কেননা, আমি এখানে আসার পেছনে অনেকজনেরই অবদান আছে।’
অন্য পুরস্কার বিজয়ীরা
ক্লপের ব্রাজিলীয় শিষ্য এলিসন বেকার জিতেছেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার। ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিততে না পারলেও লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক জায়গা করে নিয়েছেন বর্ষসেরা একাদশে।
চলতি বছরে বিশ্বকাপ জেতায় যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের আধিপত্য ছিল নারী বিভাগের পুরস্কারে। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্র নারী দলের অধিনায়ক মেগার র্যাপিনো। নারীদের বর্ষসেরা কোচ হয়েছেন দলটির কোচ জিল এলিস। বর্ষসেরা নারী গোলরক্ষক হয়েছেন ডাচ গোলরক্ষক সারি ফন ভিনেন্ডাল।
এক নজরে ফিফা বর্ষসেরারা
বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি
বর্ষসেরা নারী ফুটবলার মেগান র্যাপিনো
বর্ষসেরা কোচ য়ুর্গেন ক্লপ
বর্ষসেরা নারী কোচ জিল এলিস
বর্ষসেরা গোলরক্ষক এলিসন বেকার
বর্ষসেরা নারী গোলরক্ষক সারি ফন ভিনেন্ডাল
বর্ষসেরা গোল দানিয়েল সোরি (এর)
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড মার্সেলো বিয়েলসা ও লিডস ইউনাইটেড
বর্ষসেরা একাদশ
লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপে, এডেন হ্যাজার্ড, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, লুকা মদ্রিচ, সার্জিও রামোস, ম্যাথিয়াস ডি লিখট, ভার্জিল ফন ডাইক, মার্সেলো, এলিসন বেকার।
