অন্ধ ছেলেকে খেলার বর্ণনা শোনানো সেই মা সিলভিয়া গেকোকে বর্ষসেরা ভক্ত নির্বাচিত করেছে ফিফা। ফিফার দ্য বেস্ট অনুষ্ঠানে লিওনেল মেসি গত সোমবার রাতে সেরা খেলোয়াড় হন। ইতালির মিলানে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে এরপরও পাদপ্রদীপের অনেকখানি আলো কেড়ে নেন এই মা। সিলভিয়া ও তার দত্তক নেওয়া ১২ বছরের ছেলে অন্ধ নিকোলাস ব্রাজিলের পালমেইরাসের ভক্ত। পছন্দের খেলা দেখতে দুই জনে মাঠে যান এবং তিনি ছেলেকে খেলার বর্ণনা শোনাতেন। গত বছর ব্রাজিলের এক রিপোর্টার দেখেন গ্যালারিতে এক মা তার অন্ধ ছেলেকে খেলার বর্ণনা শোনাচ্ছেন। তিনি তখন ক্যামেরাম্যানকে বলে সে দৃশ্য ধারণ করালে পুরো ব্রাজিল তথা ফুটবল বিশ্ব দেখতে পায় তাদের। ছবিটি ভাইরাল হয়ে যায়।
