বঙ্গবন্ধু বিপিএল
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। আগামী বছরই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। তাই এবারের আসরের নাম হচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। গোটা আয়োজনের খরচও বহন করবে বিসিবি। সম্প্রতি এই ঘোষণা দিয়েছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
ফ্র্যাঞ্চাইজিরা না থাকলেও বিপিএলে এবার টিম স্পনসর নেবে বিসিবি। সেখানে সুযোগ ছিল পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণের। গত ১৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু বিপিএলের সাতটি দলের জন্য টিম স্পনসর চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। গত ২২ সেপ্টেম্বর ছিল আবেদনের শেষ দিন।
গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের কেউ বঙ্গবন্ধু বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখায়নি। কোনো ফ্র্যাঞ্চাইজিই দলের স্পনসর হতে আবেদন করেনি। তবে নতুন করে চার-পাঁচটি প্রতিষ্ঠান বিসিবির ঘোষিত সময়ের মধ্যে আবেদন করেছে; যার মধ্যে আকতার গ্রুপ, টাইগার আইটি নামে দুটি প্রতিষ্ঠান রয়েছে।
দরপত্রে মাত্র একটি আসরের জন্য টিম স্পনসর স্বত্ব বিক্রির কথা উল্লেখ করেছে বিসিবি। আগামী ৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল। শেষ হবে ১১ জানুয়ারি। অষ্টম আসর থেকেই আবার পুরোনো রূপে ফিরতে পারে এই টুর্নামেন্ট। সপ্তম আসরে আগের মতোই দল থাকছে সাতটি। চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট নামেই থাকবে দল। তবে স্পনসরদের নাম যুক্ত হবে দলগুলোর নামের আগে।
বিপিএল অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৪৬ ম্যাচের এই টুর্নামেন্ট। একাদশে সাত জন দেশীয় ক্রিকেটারের সঙ্গে তিন জন বিদেশি ক্রিকেটার থাকতে হবে। তবে স্কোয়াডে ২২ জন ক্রিকেটার রাখতে পারবে দলগুলো, যেখানে ৯ জন বিদেশি ও ১৩ জন দেশীয় ক্রিকেটার নিবন্ধন করা যাবে।
এক আসর হলেও টিম স্পনসরশিপ স্বত্ব কিনতে মোটা অঙ্কই পরিশোধ করতে হবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে। প্রতিটি দলের জন্য ভিত্তি মূল্য ধরা হয়েছে ৬ কোটি টাকা। যে প্রতিষ্ঠানই দলের স্পনসর হওয়ার স্বত্ব পাবে, তাদের তিন দিনের মধ্যে সিকিউরিটি মানি হিসেবে বিসিবির কাছে ৫০ লাখ টাকা জমা দিতে হবে। আর ৬ কোটি টাকার অঙ্কটা পরিশোধ করা যাবে দুটি কিস্তিতে। আগামী ২৮ নভেম্বরের মধ্যে প্রথম কিস্তি এবং ১৩ ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দিতে হবে স্পনসর প্রতিষ্ঠানকে।
আবেদনের নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও বিপিএলের টিম স্পনসর স্বত্ব নিয়ে কিছুই জানায়নি বিসিবি।
এদিকে বঙ্গবন্ধু বিপিএলে অংশগ্রহণের ক্ষেত্রে পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের অনাগ্রহের বিষয়টি আগেই স্পষ্ট ছিল। নতুন দরপত্রের বিপরীতে আবেদন না করাটা তার প্রমাণই বহন করছে। বিসিবির সঙ্গে দলের স্বত্ব নিয়ে নতুন চুক্তি হয়নি তাদের। আর শুধু স্পনসর হিসেবে বিপিএলে অংশ নিতে চায় না কোনো ফ্র্যাঞ্চাইজি।
