গতকাল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জুয়া, চাঁদাবাজির গডফাদারদের গ্রেফতারের দাবিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) মানববন্ধন করে। মানববন্ধনে ন্যাপ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে এখন যা দেখছেন তা হচ্ছে পুঁজিবাদের নগ্ন বহিঃপ্রকাশ। এখানে সততা, আদর্শ ও দেশপ্রেম এসবের বিন্দুমাত্র নেই। শুধু চাই টাকা আর টাকা। সে জুয়া দিয়ে হোক, চাঁদাবাজি করে হোক, দুর্নীতি করে হোক, নকল ঔষধ বিক্রি করে হোক।
‘সমাজের অসঙ্গতি দূর করব। একে একে এসব ধরতে হবে। কঠিন কাজ, কিন্তু আমি করব।’-প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে বক্তারা বলেন, জনগণ অপরাধ চক্রের রিং মাস্টার, গড ফাদারদের গ্রেফতার দেখতে চায়। দৃষ্টান্তমূলক শাস্তি চায়। অপরাধ চক্রের হাত থেকে দেশকে বাঁচাতে সরকারকে কঠিন ও কঠোর পদক্ষেপ নিতে হবে। জনগণকে সকল অপরাধচক্র, নকল ঔষধ কারবারীদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ন্যাপের প্রেসিডিয়াম সদস্য এড. আবদুর রহমান, এড. এম.এ ওহাব, কেন্দ্রীয় ন্যাপ নেতা পরিতোষ দেবনাথ, এড. আমিনুল হক, ইসমাইল হোসেন, হাসান কমরুন, শফিক আহমেদ খান, মোস্তফা মাহমুদ, পার্থ সারথী চক্রবর্তী, শেখ শাহীন, গোলাম নবী মিঠু, সোহেল তালুকদার টুটুল প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
