বরিশাল অফিস
বরিশালের উজিরপুরে চাঞ্চল্যকর রিমা বেগম (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী ও শাশুড়িকে আটক করেছে র্যাব-৮। গতকাল মঙ্গলবার র্যাব-৮ এর সদরদপ্তর থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গভীর রাতে উজিরপুর উপজেলার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় নিহত রিমা বেগমের স্বামী উপজেলার শিবপুর এলাকার মান্নান বেপারীর ছেলে মিজান বেপারী (২৮) ও মান্নান বেপারীর স্ত্রী আকলিমা বেগম (৫০)। র্যাব জানায়, সাত বছর আগে মিজান বেপারীর সঙ্গে রিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে মিজান বেপারী ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য রিমা বেগমকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বছর দুয়েক আগে মিজান বেপারী স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করলে মেয়ের সুখ শান্তির কথা বিবেচনা করে সেই টাকা দেয় শ্বশুরবাড়ির লোকজন। এরপর তাদের সংসার ভালোই চলছিল। সম্প্র্রতি মিজান বেপারী তার পরিবারের কু-প্ররোচনায় মাছের ঘের ও মুরগির ফার্ম করার জন্য আরো ২ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু রিমা বেগম টাকা এনে দিতে অস্বীকার করলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার প্রতি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর মিজান বেপারী স্ত্রী রিমা বেগমের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এর একপর্যায়ে ২২ সেপ্টেম্বর পূর্ব পরিকল্পিতভাবে রিমাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে মরদেহ বাড়ির পাশের আম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে।
