ত্রিদেশীয় টি-২০ সিরিজ

বৃষ্টিতে ট্রফি ভাগাভাগি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৫

সেপ্টেম্বর মাসটা শুরু হয়েছিল আফগানিস্তানের কাছে চট্টগ্রামে একমাত্র টেস্টে গ্লানির হার দিয়ে। মাসের শেষ প্রান্তে অবশ্য কিছুটা স্বস্তি সঙ্গী হচ্ছে বাংলাদেশ দলের। গতকাল বৃষ্টির বাগড়ায় ফাইনাল পণ্ড হলেও ত্রিদেশীয় টি-২০ সিরিজে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। ভাগাভাগি হওয়া ট্রফিটা গতকাল পুরস্কার বিতরণীর পর সাকিব আল হাসান তুলে দেন আফগান অধিনায়ক রশিদ খানের হাতেই। এই ট্রফি নিয়েই গতকাল মধ্যরাতে বাংলাদেশ ছেড়ে যায় আফগানিস্তান দল।

শরতের বৃষ্টিস্নাত বিকেল, সন্ধ্যায় পণ্ড হয়ে যায় ফাইনাল ম্যাচ। গুঁড়ি গুঁড়ি বর্ষণ অব্যাহত ছিল। গতকাল রাত সাড়ে ৮টার পর মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা। বেরসিক বৃষ্টি না কমায় রাত ৯টার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ ও আফগানিস্তানকে। গতকাল ফাইনালে ব্যাটে-বলের লড়াইয়ে শামিল না হয়েই টি-২০ তে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

তবে টি-২০ সিরিজে বাংলাদেশ দল সেরাটা খেলতে পারেনি বলে মনে করেন             সাকিব। গতকাল পুরস্কার বিতরণীতে বাংলাদেশ অধিনায়ক বলেন, খুব গুরুত্বপূর্ণ ফাইনাল ছিল। এই টুর্নামেন্টে আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। তারপরও ফাইনালে এসেছিলাম।

লিগ পর্বে তিনটি ম্যাচ জিতলেও আফগানদের কাছে প্রথম সাক্ষাতেই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। সাকিব, তরুণ আফিফ, মাহমুদউল্লাহ ও পেস বোলাররা ছাড়া অনেকেই ফ্লপ ছিলেন এই সিরিজে। বিশেষ করে ব্যাটিংয়ে বাংলাদেশের টপঅর্ডার ছিল পুরোই ব্যর্থ।

গতকাল পুরস্কার বিতরণীর পর দ্রুতই মিরপুর স্টেডিয়াম ত্যাগ করেন সাকিব। কারণ আজই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দেশ ছাড়বেন তিনি।

বৃষ্টির কারণে ফাইনাল খেলতে  পারেনি উভয় দল। তাই দুই শিবিরে ছিল রিজার্ভ ডে না থাকার আক্ষেপ। গতকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, রিজার্ভ ডে থাকলে ভালো হতো। ফাইনালটা খেলা যেত। আসলে আমরা ড্রেসিংরুম থেকে দেখছিলাম, ছোটো ছোটো ছেলেরা বৃষ্টিতে ভিজছে। ওরা অনেক আশা করে এসেছে। ওদেরকে দেখে মনে হয়েছে, ফাইনালটা হলেই ভালো হতো। সব দর্শকই আসলে অনেক আশা করে এসেছিল। আফগান অধিনায়ক রশিদ খানও সংবাদ সম্মেলনে বলেন, ম্যাচটা হলে ভালোই হতো। রিজার্ভ ডে থাকতে পারত। ফাইনাল খেলতে না পারলে আপনি হতাশ হবেনই। ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে আরো সিরিজ চান রশিদ খান।

যদিও বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের বলেছেন, রিজার্ভ ডের চিন্তা বাদ দিতে হয়েছে কারণ আফগানিস্তান দলের দেশে ফেরার তাড়া ছিল। যার সত্যতা মিলছে, কারণ গতকাল রাতেই দেশে ফেরার বিমান ধরেছে আফগানরা।