ক্যাসিনোর সঙ্গে জড়িত সবাই নজরদারিতে ----------- কাদের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৮

ক্যাসিনোকে আইনি কাঠামোর মধ্যে আনার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এর সঙ্গে জড়িত সবাই নজরদারিতে রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্ শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নিজের ঘর থেকেই আমরা অভিযান শুরু করেছি। বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। অপকর্মকারীরা কেউই ছাড় পাবে না। এখন তো সবাই আওয়ামী লীগের নেতা। আগে কে কোন দলে ছিল, সেটা বলে লাভ নেই। কাজেই আমরা নিজ ঘর থেকেই অভিযান শুরু করেছি। নেতাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাইরে যাওয়ার ব্যাপারে কত জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়েছে সে বিষয়ে আমার জানা নেই। তবে বেশ কিছু নেতা নজরদারিতে রয়েছেন। নজরদারিতে যদি বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকে, তাহলে তা মানতে হবে।’

বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রতিনিধিদল আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে কী বলেছে—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে জানতে চেয়েছে—কীভাবে আমরা পরিকল্পনা করছি, নেতাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে কি না, কেন্দ্রীয়ভাবে নারীদের কতটুকু প্রধান্য দেওয়া হবে, নারীদের ক্ষমতায়ন আরো বাড়বে কি না—এগুলো জানতে চেয়েছে।’ তিনি বলেন, ‘তারা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সহযোগিতা করবে। তারা দলীয় কাউন্সিলে নারী প্রতিনিধিত্ব আরো বাড়ানো হবে কি না, সে বিষয়ে জানতে চেয়েছে। এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে বলে জানিয়েছি।’ বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করতে চায়। বিশ্বব্যাংকের সঙ্গে বৈরী সম্পর্ক রাখতে চাই না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তার বিধান এবং পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ নিয়ে কাজ করছে বিশ্বব্যাংকের সড়ক নিরাপত্তাবিষয়ক সেল। নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতিসংঘ ও বিশ্বব্যাংক আগামী তিন বছরের মধ্যে সড়ক নিরাপত্তায় দেশের জনগণকে দৃশ্যমান পরিবর্তন দেখাতে চায় বলে এ সময় মন্ত্রী সাংবাদিকদের জানান। এর আগে মন্ত্রীর সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি মিজ ক্যাটি ক্রোয়েকের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল সাক্ষাত্ করে।