গণপূর্তের সাবেক দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৮

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীসহ দুই জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) গতকাল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। এ দুই জন হলেন গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ও অতিরিক্ত প্রকৌশলী আব্দুল হাই। এছাড়া সোমবার সংসদ সদস্য ও রিহ্যাবের নেতা নুরুন্নবী চৌধুরী শাওন ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ব্যাংক হিসাব তলবের পর এবার ঐ দুই জনের হিসাব জব্দ করার উদ্যোগ নিয়েছে এনবিআর। নাম প্রকাশে অনিচ্ছুক সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল ইত্তেফাককে বলেন, গণপূর্তের সাবেক দুই প্রকৌশলীর ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার জন্য আমরা বিএফআইইউকে চিঠি পাঠিয়েছি। এছাড়া ব্যাংক হিসাবের তথ্য চাওয়া দুই জনের ব্যাংক হিসাব অপ্রচলযোগ্য (জব্দ) করার জন্য আগামীকাল (আজ বুধবার) চিঠি পাঠানো হবে।

অভিযোগ রয়েছে, গণপূর্ত বিভাগের বিভিন্ন দরপত্রে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও কাজ বাগিয়ে নিতে ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তাকে হাত করতে অবৈধ লেনদেন করতেন আলোচিত ঠিকাদার জি কে শামীম। এর মধ্যে গণপূর্তের আলোচ্য দুই কর্মকর্তার নাম আলোচনায় এসেছে। বিশাল অঙ্কের ঘুষের অর্থের তথ্যও এসেছে গণমাধ্যমে।

প্রকৌশলী উত্পল দে ওএসডি

জি কে শামীমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলী উত্পল কুমার দেকে ওএসডি করেছে মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এটি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী—ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বর্তমান কর্মস্থল) উত্পল কুমার দেকে গণপূর্ত অধিদপ্তরে (রিজার্ভ) ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের এ কর্মকর্তাকে বদলিপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদ-কর্মস্থলে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উত্পল কুমার দে ১৫তম বিসিএসে গণপূর্ত অধিদপ্তরে যোগদান করেন। তার দায়িত্ব পালনকালে আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালে নানা বিতর্ক ছিল। এর মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নির্মাণ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঐ কমিটির রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি। গত জুন মাসে ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেলে উত্পল কুমার দেকে ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।