গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের প্রকৃত কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসেনকে প্রধান করে গতকাল মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. কামাল হোসেন এবং উপপরিচালক মৌলি আজাদ। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দিবে বলে ইউজিসি সূত্রে জানা গেছে।
গত শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একটি তদন্ত কমিটি করার নির্দেশনা দিয়েছিলেন। এর প্রেক্ষিতে গত সোমবার শিক্ষার্থীদের আন্দোলনের প্রকৃত কারণ ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়ে ইউজিসিতে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
