গাজীপুর মহানগরীর যোগীতলা এলাকায় জনগণের চলাচলের ডা. মহিউদ্দিন আহম্মেদ সড়কের কিছু অংশ ভেকু মেশিন দিয়ে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সড়কটি দিয়ে চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় এলাকার কয়েকশ লোক জড়ো হয়ে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে স্থানীয় কাউন্সিলর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম জানান, ঢাকা বাইপাস রোড থেকে একটি সড়ক খাইরুল হোসাইন মাস্টারের বাড়ির পাশ দিয়ে মুন্সি জামাল সড়কে মিলিত হয়েছে। ডা. মহিউদ্দিন আহম্মেদ সড়ক নামে এ সড়কটি ২০১২ সালের ১৬ মার্চ বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি উদ্বোধন করেন। সম্প্রতি যোগীতলা এলাকার মো. নাসিরুল হক ওরফে নাসির ফকির প্রায় পৌনে এক কিলোমিটার সড়কটির কিছু অংশ ভেকু মেশিন দিয়ে কেটে রাস্তার পাশের জমির সঙ্গে মিশিয়ে ফেলেন এবং তাতে ধানের চারা রোপণ করেন। এছাড়া তিনি রাস্তার একটি স্থানে বাউন্ডারি ওয়াল তৈরি করে রাস্তা বন্ধ করে দেন।
এ ব্যাপারে মো. নাসিরুল হক জানান, এটি কোনো সরকারি রাস্তা নয়। তার নিজস্ব জমির ওপর দিয়ে রাস্তা তার বাড়িতে এসেছে। তাই তিনি রাস্তা কেটে ফেলেছেন।
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলায়’
প্রতিবাদ সভা
গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলালের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা দায়েরের প্রতিবাদে রবিবার বিকেলে ভাওয়াল মির্জাপুর বাজারে স্থানীয় জনগণের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাজার কমিটির সহসভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল ছাড়াও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জিয়ারত শিকদার, মোশারফ হোসেন রুবেল, দানেশ সিকদার, সুমন মিয়া, মোহাম্মদ মাসুদ, কবীর ব্যাপারী, মির্জা মহসিন, জহির আহমেদ, আব্দুর রমান প্রমুখ।
