গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৯ জন। এর মধ্যে ঢাকায় ১৩১ জন এবং ঢাকার বাইরে ৩৩৮ জন। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার আরো দুই জন মারা গেছেন। ব?রিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতা?লে সৈয়দ বরু (৬০) নামে একজন রোগী মারা যায় গতকাল দুপুরে। সৈয়দ বরু পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী গ্রামের আলীর স্ত্রী। এছাড়া আব্দুর রউফ নামে (৩৫) এক ডেঙ্গু রোগী মঙ্গলবার ভোর চারটার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে খুলনায় নারী-শিশুসহ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৫ জন রোগীর মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়, চিকিত্সা নিয়ে বাড়ি ফেরা ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ শতাংশ রোগী। চলতি বছরের শুরু থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৭৫৭ জন। আর চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৩ হাজার ৬০৫ জন। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৯২৮ জন। এর মধ্যে ঢাকায় ৭৭৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৫৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭, মিটফোর্ড হাসপাতালে ২২, ঢাকা শিশু হাসপাতালে তিন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১২, বিএসএমএমইউতে চার, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, সম্মিলিত সামরিক হাসপাতালে দুই এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা শহর ছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ১২০ জন, রংপুর বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে ৩০, বরিশাল বিভাগে ৪৪, সিলেট বিভাগে তিন ও ময়মনসিংহ বিভাগে ১২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন।
