দিরাইয়ে নৌকাডুবিতে চার শিশু নিহত নিখোঁজ ৬

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৬

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুঠা হাওরে নৌকাডুবিতে চার শিশু নিহত ও ছয় জন নিখোঁজ রয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রফিনগরের ইউনিয়নের মাছিমপুর থেকে নৌকায় করে চরনার চর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাওয়ার পথে কালিয়াকুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় ।

জানা যায়, আজ বুধবার পেরুয়া গ্রামে ফিরোজ আলীর ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। মূলত সেখানে যাওয়ার জন্য একদিন আগে রওয়ানা হয় মাছিমপুরে থাকা ফিরোজ আলীর স্বজনরা। সেখানে যাওয়ার পথে কালিয়াকুঠা হাওরে নৌকাটি এই দুর্ঘটনার কবলে পড়লে এই নিহতের ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজের পরিমাণ আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, এখন পর্যন্ত চার শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে।