দীর্ঘ চার দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটক ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সম্পূর্ণভাবে উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল মঙ্গলবার পুলিশ লালবাগ ডিভিশন, ট্রাফিক দক্ষিণ ও কোতোয়ালি থানার সহযোগিতায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন প্রক্টর ড. মোস্তফা কামাল। এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দ্বিতীয় ফটকে অবৈধ লেগুনা স্ট্যান্ড উচ্ছেদের মাধ্যমে এই অভিযান কার্যক্রম শুরু করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, গত রবিবার মালিকদের অবৈধ স্থাপনা উঠিয়ে নিতে বলা হয়। গতকাল ঐ সব দোকান ও অবৈধ স্থাপনা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। উচ্ছেদ করা জায়গায় এখন সৌন্দর্যবর্ধন করা হবে। ইতিমধ্যে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা কাজ শুরু করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সেখানে বসার জন্য ব্যবস্থা করে দেব। শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাফেরা নিশ্চিত করতে যা যা করা দরকার আমরা তা করব। ভবিষ্যতেও যাতে এসব জায়গায় আর কোনো অবৈধ স্থাপনা গড়ে না উঠে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ওসি শাহিদুর রহমান বলেন, গতকাল সকালে ডিসি ট্রাফিক দক্ষিণ, ডিসি লালবাগ ও কোতোয়ালী থানার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর আমরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করি। এখন থেকে নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হবে।
