বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের এখতিয়ার আদালতের নেই। ছাত্রদল যা কিছু করেছে তার সবই আইনসম্মত। ছাত্রদল একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্ধারণ করেছে। এটা রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নব্য বাকশালিদের ভোট ডাকাতি করে সরকার গঠনের মতো অবৈধ কিছু নয়। গতকাল নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলের নতুন কমিটির কাজে আদালতের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আরপিও ১৯৭২ এবং দ্য পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স-১৯৭৮ অনুসারে বিএনপি একটি রাজনৈতিক দল। এ দল বা তার কোনো কর্মকর্তা বা কর্মকাণ্ডের ওপর সহকারী জজ আদালত বা নিম্ন আদালতের কোনো আদেশ জারি বা নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ার নাই। তিনি বলেন, ‘আমরা অতীতে কখনো দেখিনি রাজনৈতিক দলের কার্যক্রমে আদালত যুক্ত হচ্ছে বা হস্তক্ষেপ করছে। এখন ছাত্রদলকে ধ্বংস করার জন্য আদালতকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে। আদালতকে দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণের এ সংস্কৃতি দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।’
আদালতের নিষেধাজ্ঞা সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো কাগজ এসে পৌঁছায়নি। এ ব্যাপারে এখন কিছু বলতে পারব না।’ সংবাদ সম্মেলনে দলের যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবউন নবী খান সোহেল, খন্দকার আবু আশফাক প্রমুখ উপস্থিত ছিলেন।
